মোহাম্মদ আবু নাছের:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার গুরুত্বপূর্ণ সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে ছিলেন হাজারো মানুষ। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। অবশেষে স্থানীয়দের সেই দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজে নেমেছেন নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়কে সংস্কার কাজ শুরু করা হয়। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে বড় বড় গর্তে পানি জমে প্রায়ই দুর্ঘটনা ঘটত।
স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিনেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে নাছির উদ্দীন নাছিরের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসীর ভাষ্য, মানুষের কষ্ট বিবেচনায় একজন রাজনৈতিক নেতা নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কারের দাবিও জানিয়েছেন।
এ বিষয়ে নাছির উদ্দীন নাছির বলেন, “এ সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মানুষ ভোগান্তিতে ছিল। এটি আমার জন্মভূমির সড়ক, তাই দায়বদ্ধতা থেকেই নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। মানুষের কল্যাণে ভবিষ্যতেও পাশে থাকব।”
সংস্কার কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন খায়রুল আলম সেলিম, নুরুল ইসলাম আজাদ, মো. বাবুল, আবুল খায়ের আকাশ, নুর হোসেন বাবু, কেফায়েত উল্লাহ, জামাল উদ্দীন আহমেদ এবং আব্দুল্লাহ আরিফ-সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়দের প্রত্যাশা, অস্থায়ী সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সড়কটির স্থায়ী উন্নয়ন ও পুনর্নির্মাণ কাজও বাস্তবায়ন করা হবে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি 




















