হুমায়ুন আহমেদঃ
চুয়াডাঙ্গায় সদ্য পদায়নকৃত পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাসের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ‘চুয়াডাঙ্গাবাসী’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা আমার বাংলাদেশ (এবি) পার্টির সভাপতি আলমগীর হোসেন। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট ও জুলাই আন্দোলনের বিরোধীকারী গৌতম কুমার বিশ্বাসকে কোনভাবেই চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে মেনে নেওয়া হবে না। অবিলম্বে তার পদায়ন বাতিল করে সৎ, যোগ্য ও নিরপেক্ষ একজন কর্মকর্তাকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দিতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি’র জেলা যুগ্ম আহ্বায়ক ছমির হোসেন, জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দ্দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে বর্তমান পুলিশ সুপার গোলাম মওলাকে বদলি করে পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে নিয়োগ দেওয়া হয়।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 





















