আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে শিশু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিম্নমানের ও বাসি বনরুটি সরবরাহের অভিযোগে রাজশাহীর একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি হলো রাজশাহীর মেসার্স বিস্কুট বিপণনী।
জানা যায়, স্কুল ফিডিং প্রকল্পের আওতায় ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’ নামের একটি এনজিও জেলার নাচোল উপজেলা ছাড়া বাকি চার উপজেলার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন সরবরাহ করে আসছে। তাদের মাধ্যমে পাউরুটি, বিস্কুট, কলা, ডিম ও প্রাণ কোম্পানির দুধ সরবরাহ করা হচ্ছিল।
গত ২২ এপ্রিল জেলা শহরের শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহকৃত বনরুটি খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পরপরই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে বনরুটিগুলো বাসি, ফাঙ্গাসযুক্ত ও নিম্নমানের প্রমাণিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এরপর শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলাতেও একই ধরনের ঘটনা ঘটলে বিষয়টি আরও গুরুত্ব পায়। পরবর্তীতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এদিকে শিবগঞ্জ উপজেলায় পাঁচ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পৃথক তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেখানে স্কুল ফিডিং কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে খাদ্য নমুনা সংগ্রহ করে রাজশাহীর বিএসটিআই ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে গোমস্তাপুর উপজেলার মকরোমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানেও খাবার বিতরণ বন্ধ রাখা হয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
শিশুদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

















