শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে সংঘটিত নৃশংস হামলায় দুই ব্যক্তি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতারা হলেন মোঃ ফারুক হোসেন, মোঃ আব্দুল শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারখালী উপজেলার এনায়েতপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে হিজলাবট মাঠ এলাকায় হাসান শেখের পথরোধ করা হয়। অভিযোগ রয়েছে কয়েকজন ব্যক্তি তাকে ভ্যান থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এই ঘটনার জের ধরে ১৭ জুলাই দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় নতুন করে সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ কাবিরা জানেন সামিরুল ইসলামের নেতৃত্বে একটি দল ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়।
হামলার সংবাদ টের পেয়ে ছালিম হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। তবে বাড়িতে অবস্থানরত মোঃ ফারুক হোসেন, মোঃ আব্দুল শেখ এবং মোঃ মুল্লুক মণ্ডল হামলাকারীদের কবলে পড়েন। অভিযোগ রয়েছে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যান। গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ পেয়ে খোকসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আরো জানান পূর্বের বিরোধ, হামলার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন: মো: ফারুক (৪৫): পিতা- মৃত চাঁদ ভাউন্দার, গ্রাম- দেবীনগর ও অপরজন একই গ্রামের মো: আব্দুল শেখ: পিতা- আতি শেখ।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকশা (কুষ্টিয়া) প্রতিনিধি 




















