হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের হরিণী বাগানে নেমে আসে শোকের ছায়া। পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের স্মরণে সেখানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। রবিবার (আজ) দুপুর ২টায় নিহতদের পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দোয়া মাহফিলে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় চিৎলা হুদাপাড়ার বাসিন্দা ইকলাস হোসেনকে। তিনি ইসরাইল ওরফে পুটের পুত্র এবং আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান মাবুদের কুটুম ছিলেন। কিছুদিন আগে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তরতাজা এই যুবকের অকাল মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে শোকস্তব্ধ করে দেয়।
একই অনুষ্ঠানে স্মরণ করা হয় চিৎলা গ্রামের আরেক যুবক মনিরুল ইসলামকে। তিনি ইনামুলের পুত্র। একটি ট্রাক্টর দুর্ঘটনায় নিহত মনিরুল ইসলামের আকস্মিক মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে।
দোয়া মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মহান আল্লাহর কাছে তাদের সকল গুনাহ মাফ, কবরের আজাব থেকে মুক্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্য ও শক্তি দানের দোয়া করা হয়।
অনুষ্ঠানে নিহতদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় দুই তরুণের এমন মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন্যই অপূরণীয় ক্ষতি। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 





















