কৌশিক চৌধুরী:
এবারের নির্বাচনে ভোট ডাকাতির সমস্ত ষড়যন্ত্র রুখতে চাই। আমরা নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, বিজিবি, র্যাব, সিভিল প্রশাসনসহ সকলের কাছে বলতে চাই—এবারে জনগণের ভোটাধিকার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, আমরা প্রতিটি কেন্দ্র (সেন্টার) থেকে আমাদের হিস্যা বুঝিয়ে না নিয়ে যেতে দেব না। এবার জয় হবে দাঁড়িপাল্লা প্রতীকের, ইনশাআল্লাহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের নির্বাচনী এলাকা হাকিমপুর হিলি পৌরসভার চারমাথা মোড়ে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।
আজ রবিবার বাদ মাগরিব হাকিমপুর হিলি পৌর শহরের চারমাথা মোড়ে পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুলের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, জনগণের রায়ে ক্ষমতায় আসলে জনগণকে সঙ্গে নিয়ে হিলিকে মাদকমুক্ত করা হবে। প্রশাসনের উন্নয়ন করার প্রয়োজন হলে তা করা হবে।
তিনি আরও বলেন, জনগণের উপর আস্থা হারিয়েছে বিধায় একটি বিশেষ দল জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। জনগণের মন ভালোবাসা দিয়ে জয় করতে হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, হিলি স্থলবন্দরের যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে উন্নয়ন হয়নি। পৌরসভায় সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। হিলি রেলস্টেশন ব্রিটিশ আমলের রেলস্টেশন হলেও এখানে কেন আন্তঃনগর ট্রেন থামবে না? প্রয়োজনে আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটিয়ে গণমানুষকে সঙ্গে নিয়ে এখানে (হিলিতে) আন্তঃনগর ট্রেন থামানোর ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, পৌর যুব বিভাগের আহ্বায়ক মোঃ আহম্মেদ ইয়াসির আরাফাত, যুব বিভাগের নেতা মেহেদী হাসান, আব্দুর রশিদসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভা সঞ্চালনা করেন উপজেলার আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহবুবুর রহমান। পরে তিনি উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর বাজারে অনুষ্ঠিত পথসভায় অংশগ্রহণ করেন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
কৌশিক চৌধুরী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি 





















