নাঈম ইসলামঃ
রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বানুপাড়া এলাকায় আজ দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ৭ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীটির নাম মো. আরাফাত হোসেন (৭), সে বানুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার সময় স্কুলে যাওয়ার জন্য রাস্তাপার হতে গিয়ে একটি বেপরোয়া গতির অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। দ্রুত স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত শিশুটির পরিবার, সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকারা বেদনায় বিহ্বল হয়ে পড়েছেন। তার মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আরাফাত খুবই শান্ত ও ভদ্র ছেলে ছিল। এমন নির্মম মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা পরিবারটির পাশে থাকার চেষ্টা করছি।”
এলাকাবাসী জানান, বানুপাড়া স্কুলের সামনে দীর্ঘদিন ধরে যানবাহনের বেপরোয়া চলাচল হয়ে আসছে। স্কুল চলাকালীন সময়ে কোন গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার কিংবা ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
স্থানীয় একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসে। এই দুর্ঘটনার পরেও যদি কর্তৃপক্ষ না জাগে, তাহলে আরও প্রাণহানি ঘটবে।”
ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং ধাক্কা দেওয়া অটোর চালককে ধরার চেষ্টা করে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি 





















