মোহাম্মদ আবু নাছেরঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। খেলার মাঠ যেন পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ষ্ঠ বারের নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার, সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির আবদুল্লাহ আল মামুন, মোক্তার হোসেন পাটোয়ারী, নুর নবী বাচ্চু, বাহার উল্ল্যাহ, আবদুল হান্নান লিটন, ফারুক বাবুল, শহীদ উল্যাহ, চান্দন হোসেন রাজু, মিয়া ইলিয়াস, আজাদ, মাস্টার মনিরুল ইসলাম, মাস্টার মোসাদ্দেক হোসেন ভূঁইয়া প্রমূখ।
এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী দর্শক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বালক বিভাগে অস্টদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগে আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে মমিন উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে।
পুরো খেলায় ছিল টানটান উত্তেজনা ও দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস। ধারাভাষ্যে ছিলেন মাস্টার নুর হোসেন সুমন, যার প্রাণবন্ত উপস্থাপনা খেলাকে আরও আকর্ষণীয় করে তোলে।
তবে খেলা চলাকালে প্রখর খরতাপে কচিকাঁচা খেলোয়াড়, অতিথি ও দর্শকরা কিছুটা ভোগান্তিতে পড়লেও তাদের উদ্দীপনায় কোনো ঘাটতি ছিল না। তীব্র গরম উপেক্ষা করেই সবাই উপভোগ করেন এই ক্রীড়া উৎসব।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতে সহায়ক।
শেষে বালক ও বালিকা উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দ, উচ্ছ্বাস ও ক্রীড়াসুলভ মনোভাবের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় এই টুর্নামেন্ট।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি 


















