মোঃ জসিম উদ্দীন:
ঠাকুরগাঁওয়ে পুরোহিত শংকর চন্দ্র মল্লিকের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে পৌর শহরের গোবিন্দনগরে পুরোহিতের বিরুদ্ধে অবৈধভাবে মন্দিরের জমি দখল, মিথ্যা মামলা, হুমকি ও হয়রানিসহ অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা।
এ সময় লিখিত বক্তব্যে আদিবাসীদের পক্ষে ভুক্তভোগী গোপাল খালকো ও দিপালি খালকো দীপা বলেন, তাদের পরিবারের দীর্ঘদিনের বৈধ ভোগদখলীয় জমি এবং প্রায় ২৮ বছর আগে নির্মিত কালী মন্দিরে আদিবাসী জনগোষ্ঠী নিয়মিত পূজার্চনা করে আসছিলেন।
মন্দিরের পুরোহিত হিসেবে শংকর চন্দ্র মল্লিক নামে এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি মন্দিরের অর্থ আত্মসাতসহ ২০১৮ সাল থেকে বিভিন্ন অবৈধ কৌশল অবলম্বন করে কয়েকজনের সহায়তায় পরিকল্পিতভাবে মন্দিরের জমি জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়। এ উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
তারা আরও জানান, জমি সংক্রান্ত বিভিন্ন রেকর্ড ও উত্তরাধিকার সূত্রে মালিকানার বিষয়টি তাদের পক্ষে স্পষ্ট থাকলেও তা উপেক্ষা করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এমনকি মন্দিরের জমি দখলের উদ্দেশ্যে ভুয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এছাড়া, গত ১৫ নভেম্বর ২০২৪ তারিখে প্রতিপক্ষের হামলায় গোপাল খালকো ও তার বোন আহত হন বলেও দাবি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। পরবর্তীতেও একই পক্ষ পুনরায় জমি দখলের চেষ্টা করলে আদালতে আরও একটি মামলা করা হয়েছে বলে উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে দিপালি খালকো দীপা বলেন, “আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং আমাদের জমি দখলের অপচেষ্টা চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন গোপাল খালকো, দিপালি খালকো দীপা, খুকু খালকোসহ স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ জসিম উদ্দীন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 


















