নাঈমুল ইসলামঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রংপুর বিভাগজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রংপুরের প্রবেশদ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
মডার্ণ মোড়ে বিশেষ সাপোর্ট সেন্টার
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের প্রবেশদ্বার মডার্ণ মোড়ে একটি বিশেষ ‘সাপোর্ট সেন্টার’ স্থাপন করা হয়েছে। এখানে র্যাব সদস্যরা সার্বক্ষণিক অবস্থান করে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের হয়রানি রোধে কাজ করছেন। এছাড়া রংপুর, গাইবান্ধা, নীলফামারী ও দিনাজপুরসহ বিভাগের বিভিন্ন জেলায় প্যাট্রোল এবং সাদা পোশাকে একাধিক টিম নিয়োজিত রয়েছে। জনসমাগমপূর্ণ এলাকা যেমন—শপিংমল, বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে র্যাবের ফুট প্যাট্রোল কার্যক্রম জোরদার করা হয়েছে।
অপরাধ দমন ও বাজার মনিটরিং
চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে বিশেষ মোড়গুলোতে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছে র্যাব সদস্যরা। ঈদে জাল টাকার বিস্তার রোধে শপিংমলগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এছাড়া, বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুতদারী রুখতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে মিলে যৌথ ‘মোবাইল কোর্ট’ পরিচালনা করছে র্যাব-১৩। অনলাইনে গুজব ও অপতথ্য ছড়ানো রোধে কাজ করছে র্যাবের সাইবার মনিটরিং টিম।
যাত্রীদের প্রতি বিশেষ সতর্কবার্তা
ভ্রমণকালে জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদ, ট্রাক বা পিকআপে যাতায়াত না করার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে র্যাব। ট্রেনের ছাদে বা ইঞ্জিনে ভ্রমণ থেকে বিরত থাকতে এবং অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে র্যাবের কন্ট্রোল রুম
র্যাব-১৩ জানিয়েছে, ঈদের ছুটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের ‘রোবাস্ট পেট্রোল টিম’ সদা প্রস্তুত থাকবে। যেকোনো প্রয়োজনে বা সড়কে শৃঙ্খলা রক্ষায় র্যাব-১৩ এর কন্ট্রোল রুমের ০১৭৭৭৭১১৩৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
“বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্রকে ধারণ করে উৎসবের সময়ে সাধারণ মানুষের মুখে হাসি ও নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৩ সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
নাঈমুল ইসলাম, রংপুর সদর (রংপুর) প্রতিনিধি 


















