সাহিদা পারভীন, (কালুখালী) রাজবাড়ী প্রতিনিধি

“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার – বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালীটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। তিনি প্রবাসী শ্রমিকদের অবদানকে স্বীকৃতি দিয়ে তাদের অধিকার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন জরুরি।

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাহার আলী, প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন আরা, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার। তারা সবাই প্রবাসীদের উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

আরও পড়ুনঃ লালপুর উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

এছাড়া, উপস্থিত বক্তারা প্রবাসী পরিবার ও অভিবাসীদের জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন এবং তাদের স্বার্থ সংরক্ষণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি শেষে প্রবাসী কর্মীদের সম্মান প্রদর্শন করা হয়।