রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে গৃহবধূ সম্পা (২৪)-কে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সম্পা উপজেলার বাকনা (পালপাড়া) গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।

 

বিক্ষোভকারীরা জানান, গত রবিবার রাতে পুলিশ উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সম্পার স্বজন ও এলাকাবাসী বুধবার দুপুর থেকে বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশের বাঁধা উপেক্ষা করে তারা থানা চত্বরে ঢুকে পড়েন। পরে থানা গেটের সামনের সড়কে বসে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

 

সম্পার বাবা সোনারুল ইসলাম কালু জানান, “আমার মেয়ে আত্মহত্যা করেনি। মেয়ের শশুরবাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

 

আরও পড়ুনঃ যথাযোগ্য মর্যাদায় ৪ ডিসেম্বর খোকসা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে

 

এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, “এ ঘটনায় ইতিমধ্যে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”