ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের সদর হাসপাতাল সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ের কাছে গিয়ে সমাবেশে পরিণত হয়। ফরিদপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাসাস আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ (মানা), ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- আরও পড়ুনঃ বাঘায় সরকারি কাজে বাধা প্রদান
এছাড়া বক্তারা ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেনজির আহমেদ তাবরিজকে দলীয় মনোনয়ন এবং জনগণের সমর্থনে মেয়র হিসেবে দেখতে চান বলে সমাবেশে দাবি করেন। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।