“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে একটি র্যালি অনুষ্ঠিত হয়, পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম.এম এন জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মুনসুর আলী। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, ভ্যারাসিটি সিডিলি সোসাইটির সভাপতি ও সহকারি অধ্যাপক ড. আব্দুস সালাম লাভলু, সফল উদ্যোক্তা সহকারি অধ্যাপক শফিউর রহমান, জাকিয়া সুলতানা, আদুরি বেগম এবং মাসুদ রানা।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ ও যাতায়াত ভাতা প্রদান এবং সফল উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতা উপস্থিত ছিলেন।