জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন দেখি। এর জন্য দেশবাসীর সহযোগিতা চাই।” বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ঝিনাইদাহ যাওয়ার পথে মাগুরা ভায়না মোড়ের মাইক্রো বাস স্ট্যান্ডে মাগুরা জেলা জামায়াতের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আল্লাহর বিধান অনুযায়ী ইসলামী শাসনে চলবে দেশ।” তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ নানা বৈষম্যের শিকার হয়েছেন। “বিচারের নামে প্রহসন করে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে এবং মা-বোনদের ধর্ষণ করা হয়েছে, যা জাতির জন্য লজ্জার।”

 

 

পথসভায় মাগুরা জেলা জামায়াতে ইসলামের আমীর এমবি বাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, জেলা শিবিরের সভাপতি আশিক খান, সেক্রেটারি জোবায়ের হোসেন, ও জেলার অমুসলিম শাখার সেক্রেটারি বাবু উত্তম কুমার বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় হাজার হাজার জামায়াত নেতাকর্মী উপস্থিত থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।