‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে র্যালী, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রণব পান্ডের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মনিরুল হক, ভাইস চেয়ারম্যান ইয়াসিন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া আক্তার। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন ও বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া পান্নু প্রমুখ।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য দপ্তর কর্তৃক তরুণ উদ্যোক্তা শাহাজালাল মৎস্য ও ডেইরি ফার্মের স্বত্তাধিকারী ও লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রহমান তুহিনসহ তিনজন উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।