ফরিদপুরের আলফাডাঙ্গায় খাবারের সন্ধানে লোকালয়ে দেখা গেছে দলছুট এক হনুমানকে। বেশ কিছু দিন ধরে আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল, নওয়াপাড়া ও শ্রীরামপুর গ্রামে ঘোরাফেরা করছে হনুমানটি।
স্থানীয় মানুষের সঙ্গে বেশ সখ্য গড়ে তুলছে হনুমানটি। গাছের ডালে, ঘরের চালে অথবা বাড়ির ছাদে অবস্থান করছে। একনজর দেখার জন্য কৌতূহলী মানুষ ভিড়ও করছে।
বুধবার সকালে বৃষ্টির মধ্যে বাকাইল পাকা সড়কের পাশে থাকা হনুমানটিকে দেখতে আসা নওয়াপাড়া গ্রামের রাজমিস্ত্রি ইমার আলী বলছে, আমি সকাল বেলা হনুমানটিকে দেখার জন্য বৃষ্টির মধ্যে বাকাইল গ্রামে আসি। তাকে সড়কের পাশে দেখে পারুটি কিনে খেতে দিয়েছি।
বাকাইল-গোপালপুর পাকা সড়কের পাশের দোকানি সজিব মিয়া বলেন, আমার দোকানের রুটি-কলা অনেকেই কিনে খেতে দেয় হনুমানটিকে। হনুমানের যখন ক্ষুধা লাগে তখন দোকানের পাশে ঘোরাফেরা করে। তখন দোকানে থাকা অনেকেই তাকে খাবার কিনে দেয়। খাবার নিয়ে গাছের মগ ডালে চলে যায়।
উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, ‘যেহেতু হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে, কেউ তাকে বিরক্ত না করলে আপনা-আপনি সে তার আবাসস্থলে ফিরে যাবে।’
- আরও পড়ুনঃ ঈদে ঘুরে আসুন নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী
প্রসঙ্গত, প্রকৃতির বিরূপ পরিবর্তনের ফলে বন্য প্রাণীরা এখন অস্তিত্ব সংকটে পড়েছে। তাদের সংকট খাদ্যর। বন-জঙ্গলের পরিসর সীমিত হয়ে আসায় এসব প্রাণী খাদ্যের সন্ধ্যানে চলে আসছে লোকালয়ে।