কয়েক দিনের ব্যবধানে আলফাডাঙ্গা উপজেলার হাটবাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। সোমবার আলফাডাঙ্গা সদর বাজার ঘুরে দেখা যায় ২৫০ গ্রাম কাঁচামরিচ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বিক্রি হয়েছে প্রতিকেজি ১৫০-১৭০ টাকায়। এতে কৃষকের মুখে হাসি ফুটলেও ক্রেতার নাভিশ্বাস।
আলফাডাঙ্গা মিঠাপুর, নাওরা মিঠাপুর, চরডাঙ্গা, চাপুলিয়া ও শিকিপাড়াসহ বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমে প্রায় শতাধিক বিঘা জমিতে মরিচ চাষ করা হয়েছে। এ অঞ্চলের মরিচ আলফাডাঙ্গা ছাড়াও বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।
মিঠাপুর গ্রামের চাষী আফসার হোসেন বলেন, এ বছর দুই বিঘা জমিতে মরিচ চাষ করেছিলাম। লাগাতার খরায় আবহাওয়া অনুকুলে না থাকায় কাঁচামরিচের ফলন কম হয়েছে। এখন গাছ মরে যাচ্ছে তাই ফলন হচ্ছে না বললেই চলে। এখন কাঁচামরিচ নিজেদেরই কিনে খেতে হবে।
আফসারের মতো অনেক কাঁচামরিচ চাষী একই কথা বলেন।
আলফাডাঙ্গা সদরে বাজার করতে আসা মনোয়ার হোসেন বলেন, কাঁচা তরকারিসহ সব জিনিসের দাম অনেক বেশি। গত সপ্তাহে ৫০০ গ্রাম কাঁচা মরিচ ক্রয় করেছিলাম ৮৫ টাকা দিয়ে। আজকে বাজারে এসে দেখি ২৫০ গ্রামের দাম ৯০ টাকা।
তিনি দরদাম করে ৩৫ টাকা দিয়ে ১০০ গ্রাম কাঁচামরিচ ক্রয় করেছেন। আশায় আছেন হয়তো ঈদের আগে এমন দাম থাকবেনা।
আলফাডাঙ্গা সদর বাজারের সবজি ব্যবসায়ী জুদ্দু মিয়া বলেন, এলাকায় মচির সরবরাহ তেমন নেই। মুকাম থেকে কয়েক গুণ দাম দিয়েও মিলছেনা কাঁচামরিচ। বেশি দাম দিয়ে ক্রয় করার জন্য এত দামে মচির বিক্রি করতে হচ্ছে আমাদের।
সবজি ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, কাঁচামরিচের যেমন সরবরাহ দেখতে পাচ্ছি তাতে করে ৪০০ টাকা পার হয়ে যাবে।