ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জুগিডাঙ্গা লক্ষনদিয়া গ্রামে আজ সোমবার সন্ধ্যা সাতটায় নিজ বাড়ির কাচারি ঘর থেকে মো. মজিবর মোল্যা (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মজিবর জুগিডাঙ্গা লক্ষনদিয়া গ্রামের মৃত. জালাল উদ্দীনের ছেলে। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক।
উপজেলার গট্টি ইউনিয়ন চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান লাবলু জানান, আজ সকালে স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে ঝগড়া করে সন্ধ্যায় বাড়ির কাচারি ঘরে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট আসার পর বুঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।