ফরিদপুরের চরভদ্রাসনে আব্দুর রহমান মোল্যা (১৭) ওরফে সালমান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নরে এমকে ডাঙ্গী গ্রামে তার শোবার ঘর হতে এ লাশ উদ্ধার করা হয়।রহমান ওই গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী মোঃ সাঈদ মোল্যার ছোট ছেলে। সোলাইমান নামে তার বড় এক ভাই রয়েছে।
রমহানের মা সখিনা বেগম বলেন শুক্রবার রাত দশটার দিকে খাবার খেয়ে শুতে যায় রহমান। সেহেরীর সময় তাকে ডাকাডাকি করলে সে কোন সাড়া না দেওয়ায় পরিবারের সকলে ভেবেছে হয়তো রোজা থাকবে না। পরে সকাল বেলা ডাকাডাকি করে তার কোন সাড়া না পাওয়া দরজা ভেঙ্গে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে ঝুলে আছে সে। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
রহমানের মা বলেন মানসিক সমস্যার কারণে পাঁচ বছর আগে মাদ্রাসা হতে তাকে নিয়ে আসা হয়। সেই থেকে সময়ে ভাল থাকতো আবার অনেক সময় পরিবারের সদস্যদের মারধোর করা সহ আসবাবপত্র ভাংচুর করতো। কেন সে এ ঘটনা ঘটিয়েছে তা তারা ধারণা করতে পারছে না বলে জানান তিনি।
এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান জানান রহমানের মানসিক সমস্যার কথা তিনি সহ এলাকার অনেকেই পূর্ব হতে অবগত ছিলেন। তার আরেকটি ভাই কিডনি জনিত রোগে মৃত্যু পথযাত্রী।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বলেন খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। রহমানের পরিবারের কোন আপত্তি না থাকায় এবং লাশের প্রাথমিক সুরত হালে আত্ম্যহত্যা মনে হওয়ায় বিনা ময়না তদন্তে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।