গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নের চর ধানাইড় গ্রামের জাহাজ শ্রমিক আনিচুর রহমান (৫০) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার চর ধানাইড় গ্রামের পূর্ব পাশে ইরি ক্ষেতের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত আনিচুরকে রাত ২ টায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় তার পাঁচটি দাঁত ভেঙেছে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।
শুক্রবার দুপুরে হামলার সাথে জড়িত ইব্রাহিম শেখ, ইউসুব শেখ, ইয়াকুব শেখ ও বাহারুল শেখসহ সাত জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আনিচুরের স্ত্রী নারগীস বেগম।
লিখিত অভিযোগ থেকে জানা যায়,বিবাদীদের সাথে পূর্ব থেকে স্থানীয় বিরোধ রয়েছে। ছুটিতে থাকা আনিচুরবৃহস্পতিবার রাতে চরডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে চর ধানাইড় মাঠে ইরি ক্ষেতের কাছে পৌঁছালে একই গ্রামের ইব্রাহিম শেখ ও ইয়াকুব শেখের নেতৃত্বে ১০-১১ ব্যক্তি আনিচুরকেগতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আনিচুরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে রাত ২ টায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত বাহারুল শেখ জানান, গত দুই দিন আগে আনিচুর ভাইয়ের দুই ছেলে আমার ভাইপো রানা শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এ কথা জানার পরে বৃহস্পতিবার রাতে আমার দুই ভাই আনিচুরের কাছে ঘটনা সুনতে গেলে উভয়ের মধ্যে বাকবিত- হয়। তবে বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
ওসি মো. আবু তাহের লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।