ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ঢাকা টাইমস পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈমনের ওপর হামলার ঘটনার প্রধান আসামিসহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় আলফাডাঙ্গা প্রেসক্লাব চত্ত্বরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ করেন।
আলফাডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর কবীরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, আলফাডাঙ্গা প্রেসক্লাব সহসভাপতি খান আসাদুজ্জামান টুনু, কাশিয়ানী প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, ও সাংবাদিক মুজাহিদের পিতা মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিন্তু সাংবাদিকদের ওপর যখন নির্যাতন, হামলা ও হয়রানি করা হয় তখন সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়ে। সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে দেশের বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতির খবর প্রকাশ করে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সাংবাদিক মুজাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনার মূলহোতা জাপান মোল্যাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস না পায়।
গত সোমবার দুপুরে আলফাডাঙ্গা রাজধানী পরিবহনের কাউন্টারের টিকিট কেনা কেন্দ্র করে কাউন্টারের ম্যানেজার জাপান মোল্যা নামের এক যুবক ও তাঁর অনুসারিরা হামলা চালিয়ে সাংবাদিক মুজাহিদুল ইসলামকে গুরুতর আহত করেন। মুজাহিদ বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুনঃ আলফাডাঙ্গায় সাংবাদিক পিটিয়ে জখম করলো পৌর মেয়রের ভাই
মঙ্গলবার মুজাহিদুল ইসলাম বাদী হয়ে জাপান মোল্যা, পারুল বেগমসহ অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।
ওসি ওয়াহিদুজ্জামান জানান, আসামি পারুল বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর আছে।