ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মহিষের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা। অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

 

এছাড়া, পৃথক একটি অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় কোকেনও জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের ডিগ্রিরচর মাঠে সীমান্ত পিলার ৮৪/২ এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে মাদক ও চোরাচালান রোধে অভিযান চালায় বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা।

 

পরদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় একই এলাকায় সীমান্ত পিলার ৮৪/৩ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে আরও পাঁচটি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার মূল্য সাড়ে ১৩ লাখ টাকা। একই দিন সন্ধ্যা ৬টায় আতারপাড়া এলাকায় সীমান্ত পিলার ৮১/১ এস থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন জব্দ করা হয়।

 

আরও পড়ুনঃ সারা দিন একা ঘরবন্দি জীবন কাটে শিশু লাবিবের

 

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে। মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ও কোকেন জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।