ফরিদপুর সদর উপজেলার ইজিবাইক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার বেলা ১১ টায় একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অম্বিকাপুর অটো শ্রমিক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুন উদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি ফরিদপুর পৌরসভা প্রদক্ষিণ শেষে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ফরিদপুর পৌরসভা কর্তৃক অটো ও ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি কমানোর দাবিতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন অটো শ্রমিক ও মালিক সমিতির সভাপতি মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি আফজাল মুন্সী, অটো চালক জিহাদ শেখ, করিম মোল্লা, মোঃ সাগর শেখ, মোঃ ফারুক শেখ, কবির, মোঃ ফজল মিয়া, সাব্বির শেখ এবং অটো মালিক মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও অটো চালকেরা।
তারা পূর্বের ন্যায় ফরিদপুর পৌরসভার ইজিবাইক লাইসেন্স নবায়ন ফি ২৯৭৫ টাকার পরিবর্তে ১০০০ টাকা এবং ফরিদপুর সদর উপজেলার বাহিরের ইজিবাইক সদর উপজেলায় ও ফরিদপুর পৌরসভায় নিষিদ্ধের আহ্বান জানান। পরে তারা এই দাবি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলামের কাছে তুলে ধরেন।