ফরিদপুরের নগরকান্দা সদর বাজারের একটি পরিত্যক্ত ডোবায় ভেসে থাকা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে অবস্থিত একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা সোমবার সকালে নগরকান্দা সদর বাজারের প্রধান সড়কের পাশে টি এন্ড টি অফিস সংলগ্ন ডোবায় কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান এবং পরে থানা পুলিশকে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছর।

 

 

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সফর আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের নাম পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।