রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে রবিবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন এবং পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন। তারা আনসার ও ভিডিপি সদস্যদের নিরাপত্তা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মোসাদ্দেকুর রহমান ও প্রশিক্ষিকা মোছা. আসমা খাতুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

জানা যায়, এ বছর পাংশা পৌরসভাসহ উপজেলায় মোট ১০১টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন চলছে। পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে ১০১টি পূজামন্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোট ৬৬৬ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত করা হয়েছে, যার মধ্যে ৪৬৪ জন পুরুষ ও ২০২ জন মহিলা।