প্রতি সোমবার নিজ এলাকায় অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা দিতেন ডাক্তার আবুল হাসান শেখ।  ১১ মার্চ সোমবার সকালে নিজে মোটরসাইকেল চালিয়ে এলাকায় ফিরছিলেন ফরিদপুরের আলফাডাঙ্গায়। সিরাজদিখান উপজেলার নিমতলা নামক এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এ সময় হাসান ছিটকে পড়েন। চিকিৎসা দেওয়া হলো না হাসানের। দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন বাড়িতে।

 

আবুল হাসান আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামের শাহজাহান শেখের ছেলে। সোমবার রাতে নিজ এলাকায় একটি কবরস্থানে দাফন করা হয় তাকে। দুই বছর আগে হাসান রাজধানীর মগবাজার ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ঢাকায় থাকতেন। পরিবারের মা-বাবা ছাড়াও ছোট চার বোন রয়েছে। প্রতি সোমবার নিজ এলাকায় রোগী দেখতেন তিনি।

 

একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা ও স্বজনদের আহাজারিতে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় । আকস্মিক এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা।

 

বানা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান বলেন, আমাদের খুব কাছের ছোট ভাই হাসান দুই বছর আগে ডাক্তার হয়ে এলাকায় মানুষের সেবা করতেন। নিয়মিত সোমবার রোগী দেখতেন। অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা দিতেন। তাঁর মৃত্যু আমরা কোনো ভাবেই মেনে নিতে পারছি না।