বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবে না। তাঁর সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
গতকাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর ফেলোশিপ (পিএমএফ) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা পিএমএফ
ফেলোসহ উচ্চ শিক্ষার্থীদের দেশের ব্যাপক উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়নের জন্য দেশি-বিদেশি শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানের সঙ্গে নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তা-ভাবনা প্রয়োগের আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন নিশ্চিত করতে আমরা কখনোই অন্যের মডেলের ওপর নির্ভর করব না। দেশের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আমরা নিজস্ব মেধা ও চিন্তার প্রয়োগ ঘটাব।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক মো. আবদুল লতিফ।