ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেছেন, পরীক্ষায় একজন ছাত্র যদি ফেল করে তাহলে এর দায় দায়িত্ব ঐ বিদ্যালয়ের শিক্ষককে নিতে হবে। আর যদি কোন শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের ঠিকমতো পড়ালেখা না করান আর এর সত্যতা পেলে ঐ শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হবে।
রবিবার বিকালে ফরিদপুরের নগরকান্দার পোড়াদিয়া সৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, সন্তানদের লেখাপড়া করানোর দায়িত্ব আপনার। আর অর্থ দিবে সরকার। তিনি আরো বলেন, ফরিদপুর জেলায় যেন একটি শিক্ষার্থীও টাকার অভাবে পড়ালেখা বন্ধ না হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, কাইচাইল ইউপি চেয়ারম্যান মোস্তফা হোসেন খান প্রমূখ।
জেলা প্রশাসক এর আগে নগরকান্দা থানা কার্যালয় পরিদর্শন করেন।পরে উপজেলা পরিষদ চত্বরে ত্রান দপ্তরের আয়োজনে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ করেন।