ফরিদপুরের নগরকান্দায় চাচার রামদার কোপে নিহত ওবায়দুর কারিকরের খুনে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় পাশ্ববর্তী মুকসুদপুর উপজেলা সদর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আওলাদ কারিকর, জাহাঙ্গীর কারিকর, রিয়াদ কারিকর, আহাদ কারিকর ও রাব্বি কারিকর। গ্রেফতারকৃত আসামীরা সবাই নিহত ওবায়দুর কারিকরের চাচাতো ভাই।
থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, ঘটনার পরপরই গোপন সংবাদের ভিত্তিতে পাশ্ববর্তী মুকসুদপুর উপজেলা সদর বাজার এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছে। চাচা সিরাজ কারিকরকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানোর প্রকৃয়া চলছে।
উল্লেখ্য শনিবার বিকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে সুন্নতে খাৎনা অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা সিরাজ কারিকর ভাতিজা ওবায়দুরের মাথায় রামদা দিয়ে কোপ দেয়। এতে ওবায়দুর নিহত হয়। এ ব্যাপারে রাতেই ওবায়দুর কারিকরের স্ত্রী ফুলমতি বেগম বাদি হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করে।