ফরিদপুরের বোয়ালমারীতে শিশু রোগীরা পেল উপহার হিসেবে খেলনা। শুক্রবার (১৭ মার্চ) রাত ৮টায় শিশু দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শিশুদের মাঝে এসব খেলনা প্রদান করা হয়।

১৭ মার্চ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত সব শিশুদের মাঝে খেলনা সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

হাসপাতালে ভর্তিকৃত শিশুদের কাছে গিয়ে গিয়ে এসব খেলনা সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ ফরিদ হোসেন মিঞা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ রওশন জাহান আখতার আলো। শিশু দিবসে স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকতা ডা. ফরিদ ও ডা. আলো দম্পতির হাত থেকে খেলনা সামগ্রী উপহার হিসেবে পেয়ে শিশুরা ছিল উচ্ছ্বসিত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (শৃঙ্খলা-২) ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. এম. নাহিদ আল রাকিব, আবাসিক মেডিকেল অফিসার ডা. কে, এম, মাহমুদ রহমান, ডা. মো: শরীফুল ইসলাম, নার্সিং সুপারভাইজার আলো রানী মিত্র প্রমুখ।