‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনসহ আলফাডাঙ্গা উপজেলায় কর্মরত বীমা কোম্পানীদের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে জেনিথ ইসলামী, ন্যাশনাল, ডেলটা, বেঙ্গল ইসলামী, রুপালী, ট্রাস্ট ইসলামী ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের (আলফাডাঙ্গা শাখা) অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, রুপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের রিজিওনাল র্কো-অডিনেটর ও ফরিদপুর সার্ভিস সেলের ইনচার্জ এনামুল হক রুবেল, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের এজিএম এস এম মুজাহিদুল ইসলাম, সানলাইফ ইনসিওরেন্সের আলফাডাঙ্গা এরিয়া অফিসের জয়েন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মাদ হোসেন, ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্সের এএমডি তহিদুল হক তিতু, বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্সের এজিএম মো. ইমরান হোসেন ও বীমা গ্রাহকের সুবিধাভোগী আমেনা বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেনিথ ইসলামী লাইফ ইনসিওরেন্সের জিএম মো. হারুনুর রশীদ।
বক্তারা বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও প্রতিটি বিষয়ের বীমা করা উচিৎ। সকল সম্পদের বীমা করা থাকলে ওই সম্পাদ নিরাপদে থাকবে। সে বিষয় গুলোকে সামনে রেখে বর্তমান সরকার ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষনা করেছেন। উপস্থিত সকলকে নতুন প্রজন্মের কাছে বীমার সুফল তুলে ধরতে আহ্বান জানান।