ফরিদপুরের বোয়ালমারীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ‘রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন তিন শতাধিক এতিমের মধ্যে কম্বল বিতরণ করেছে। ফাউন্ডেশনটি এই শীতে এই নিয়ে চারবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল। এর আগে ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন দফায় সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়।
রবিবার (২৯ জানুয়ারি) উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত ফাউন্ডেশনের নিজস্ব ভবনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর মো. সামছুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়না ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক মৃধা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান ফারুক।
কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুন্নু, কার্যকরী সদস্য মোঃ শাহজাহান সিরাজ, মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, রাগীব দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ১৭ ও ৩১ ডিসেম্বরসহ তিন দফায় সহস্রাধিক সুবিধাবঞ্চিত শীর্তার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য মাধ্যমিকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ২০২০ সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে রাগীব দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন।