ফরিদপুরের বোয়ালমারীতে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে সোমবার (১১ জুলাই) রাত ৮টায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আকরাম হোসেন আকিসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ময়না ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মো. আব্দুল হক মৃধা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর মো. সামসুজ্জামান আকবর, কো-চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইমরান, সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল, ছাত্রলীগ নেতা সিফাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০০৯ সালে ফাউন্ডেশনটি স্থাপিত হলেও ২০২১ সাল থেকে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করে। আর ২০২২ সালের ২৫ জুন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে।
ফাউন্ডেশনটি এ পর্যন্ত নিজেদের অর্থায়নে ৫টি মসজিদ, ৩টি অজুখানা, ২০টি গভীর নলকূপ স্থাপন করেছে। চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫০ জন দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী এবং সমসংখ্যক মানুষের মধ্যে কোরবানির মাংশ বিতরণ করা হয়।