ফরিদপুরে সবুজ মোল্যা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার রাতে নিহতের বাবা শহীদ মোল্যা বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের বায়তুল আমান এলাকায় তাকে ধাঁরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ফরিদপুর জেলা ছাত্রলীগের সভা অনুষ্ঠিত
নিহত সবুজ ফরিদপুর সদরের ডিগ্রিরচর ইউনিয়নের কাজের মাতুব্বরের ডাঙ্গী এলাকার শহীদ মোল্যার ছেলে বলে জানা যায়। তবে সে বায়তুল আমান এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।