পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ৬ নং ইউপি সদস্য মিটু মোল্লার বসতঘর ভাঙচুর ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাকুড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মিটু মোল্লা বাদী হয়ে ওই দিন রাতে ২০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নিজ গ্রামের প্রতিপক্ষ ফরিদ খানের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়েমিটু মোল্লার বিরোধ চলে আসচ্ছে। বৃহস্পতিবার বিকেলে পূর্ব পরিকল্পিত ভাবে ফরিদ খানের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মিটু মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ৪টি বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে। ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে। বাড়িতে থাকা মিটু মোল্লার স্ত্রীকে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। পরিবারের লোকজন আহত গৃহবধুকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফরিদ খানের সামর্থক সোহেল জানান, মিটু মোল্লার লোকজন প্রথমে আমাদের উপর হামলা করলে আমাদের লোকজন প্রতিহত করতে গিয়ে সংঘর্ষে রুপ নেয়। এতে আমাদের পক্ষের দুজন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি মো.ওয়াহিদুজ্জামানলিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনা সুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
