ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী নবকাম পল্লী কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (২১শে ফেব্রুয়ারী) নবকাম পল্লী কলেজের আয়োজনে প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় নবকাম পল্লী কলেজ চত্বর হতে প্রভাত ফেরী বের হয়ে যদুনন্দী বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজের চত্বরে এসে শেষ হয়। সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুল রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কলেজের উপধাক্ষ্য মিজানুর রহমান, প্রভাষক মিজানুর রহমান মোল্লা, ডহরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মুক্তার হোসেন, রুপপাত উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কাইয়ুম মোল্লা, সদস্য কামরুল গাজী প্রমূখ।

এ সময় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি” গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর সকলেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৫২ সালের আজকের এই দিনে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারি ভঙ্গ ছাত্ররা মিছিল করেন। পাকিস্তানি বাহিনী সেই মিছিলে গুলি চালায়। গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকই। তাঁদের স্মরণেই এই শহীদ মিনারের সামনে এসে সকলেই বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের বেদি।