শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সফল এমপি একে ফজলুল হক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এস এম জগলুল হায়দার ও শ্যামনগরে জনপ্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদের নামে মিথ্যা নাশকতা মামলা হয়েছে। এই মামলায় দুজন সাংবাদিককেও ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত ২৮ নভেম্বর রাতে বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায় আল আমিন ও জাহাঙ্গীর। ওই সময় ছাত্রদলের কিছু নেতাকর্মী মব সৃষ্টি করে তাদের আটক করে অমানবিক নির্যাতন করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ নাশকতা মামলা গ্রহণ করে।
রোববার সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক-ই ইল্লাহি মুন্নার ভাইপো এস এম সায়েদ সুলতান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলা নং ৩০-২৯-১১-২৬।
মামলায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জগলুল হায়দার, তার তিন ভাই জহুরুল হায়দার বাবু, কামরুল হায়দার নান্টু ও জাহাঙ্গীর হায়দার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয়দের আসামি করা হয়েছে।
এ ঘটনায় শ্যামনগরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে জনপ্রিয় নেতাদের নামে এ মিথ্যা মামলা করা হয়েছে। তাঁরা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।