আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি

রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ, ফ, ম আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ডিএমপি জানিয়েছে, নাশকতায় অর্থায়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বপন ভট্টাচার্যের স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। স্বপন ভট্টাচার্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।