শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক-ই ইল্লাহি মুন্নার ভাইপো এস এম সায়েদ সুলতান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন, যার নম্বর ৩০-২৯-১১-২৬।
মামলায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জগলুল হায়দার, তাঁর তিন ভাই আওয়ামী লীগ নেতা জহুরুল হায়দার বাবু, কামরুল হায়দার নান্টু ও জাহাঙ্গীর হায়দার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার জেলেখালী এলাকা থেকে তিন বোতল পেট্রোলসহ জনতার হাতে আটক ছাত্রলীগ কর্মী আল আমিন ও জাহাঙ্গীরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক দুজন যথাক্রমে উপজেলার গোমানতলী ও পানখালী গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, শনিবার রাতে আল আমিন ও জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার জেলেখালী এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনা করে। একপর্যায়ে স্থানীয়রা খবর পেয়ে নাশকতার পরিকল্পনায় জড়িতদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও দুজনকে আটক করে।
এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রহমান বাবুর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে ছাত্রদল নেতা বানাতে উঠেপড়ে লেগেছে স্থানীয় বিএনপির একাংশের নেতারা। ছাত্রদলের পুরোনো একটি কমিটির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিকদের সরবরাহ করে তাঁকে রক্ষার চেষ্টা চলছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলায়মান কবির, পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ অপরাপর বিএনপি নেতার দাবি, আব্দুর রহমান বাবু একসময় ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি শেখ হেলালের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। পরবর্তীতে ২০২৪ সালের জুনে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যপদ লাভ করেন। এসব নেতার দাবি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহমান বাবু তাঁর প্রশ্রয় দেওয়া কিছু বিএনপি নেতার ‘ম্যানেজ’ করে তাঁর পুরোনো রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন।
এসব বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, শ্রীফলকাঠি গ্রামের সায়েদ সুলতান বাদী হয়ে ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে নাশকতা মামলা করেছেন। আগের রাতে পেট্রোলসহ জনতার হাতে আটক জাহাঙ্গীর ও আল আমিনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।