খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় প্রগতি সংঘের উদ্যোগে ৭ জন দরিদ্র অসহায় ভ্যানচালকের মাঝে বিনামূল্যে ভ্যান গাড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দারিদ্র্য উন্নয়ন প্রকল্প ও ভ্যান পরিচালনার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে প্রগতি সংঘের বাস্তবায়নে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রগতি সংঘের প্রধান সংগঠক আবদুস সজিব খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদ বিন মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু, ধোকড়াকোল কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের হিসাবরক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সুধী ও সাংবাদিকগণ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে খোকসা প্রগতি সংঘের বাস্তবায়নে পিছিয়ে পড়া অসহায় গরিবদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ একটি মহৎ উদ্যোগ। তিনি আরও বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও প্রগতি সংঘের বাস্তবায়নে আপনাদের মাঝে যে ভ্যান বিতরণ করা হচ্ছে, এগুলি আপনারা যথাযথভাবে কাজে লাগাবেন এবং নিজেদের উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি বলেন, গরিবদের উন্নয়নের জন্য এ জাতীয় কাজ করায় প্রগতি সংঘকে ধন্যবাদ জানান। তিনি আগামীতে দারিদ্র্য জনগণের উন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত বক্তাগণ প্রগতি সংঘের দরিদ্র জনগোষ্ঠী নিয়ে উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭ জন অসহায় গরিব ব্যক্তির মাঝে ভ্যান গাড়ি বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার খালেদ বিন মনসুর। এর আগে একই প্রকল্পের মাধ্যমে অসহায় গরিব ভ্যানচালকদের মাঝে ১০টি ভ্যান বিতরণ করা হয়েছিল।