রাহিমুল ইসলাম হৃদয়ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার সংলগ্ন একটি ভাড়া বাড়িতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেফতার রুমা খাতুন উপজেলার বড় খাটামারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. গোলাম রব্বানীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. সাঈদের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল স্থানীয় সচেতন নাগরিকদের সহায়তায় ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনটি পলিথিন ও স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে ২০ কেজি গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া বাড়ির পাশের একটি কক্ষে ইয়াবা সেবনের অভিযোগে সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ আরও কয়েকজনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই বাড়ি ভাড়া নিয়ে রুমা খাতুন ও তাঁর স্বামী গোলাম রব্বানী আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ওই বাড়িতে মজুত করার পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী উপজেলায় প্রতিদিন মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।