জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার ৪নং উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৫নং ওয়ার্ডে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করেন ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও ভোটারবৃন্দ।

৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. গোলজার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ সরকার (মামুন)।

প্রধান অতিথির বক্তব্যে মো. মামুনুর রশিদ সরকার (মামুন) বলেন, ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে জনগণের কল্যাণে কাজ করবেন এবং একটি পরিকল্পিত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাই উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (সাবু)।

সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁদের মতামত, প্রত্যাশা এবং এলাকার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। মতামত ও মতবিনিময়ের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।