শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর তৃতীয় দিনে সাতক্ষীরার শ্যামনগরে কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) উপজেলার গুমানতলী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক ডা. গাউসুল আজম রিজভী, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল আরেফিন লাবিব, মো. মহিদ্দুজামান এবং মনিষ বিশ্বাস। এ ছাড়াও গুমানতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষসহ নূরানী ও ইবতেদায়ী বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে প্রণিজ আমিষের গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত ডিম, দুধ ও মাংস খাওয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ক্ষতিকর কোল্ড ড্রিংকস ও ফাস্টফুড পরিহার করার পরামর্শ দেওয়া হয়।
আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং হিসেবে ১ প্যাকেট (২০০ মিলি) ইউএইচটি (UHT) দুধ ও ১টি করে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।