রকুনুজ্জামান বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি। একের পর এক চুরির ঘটনায় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পাশাপাশি চুরি প্রতিরোধ ও অপরাধীদের শনাক্তে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুরের আমলাগাছী মাঠে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় কৃষক আব্দুল আজিজ জানান, মাঠে তাঁর একটি বাণিজ্যিক বিদ্যুৎ মিটার রয়েছে। সেচকাজে ব্যবহৃত মোটর চালানোর জন্য সেখানে একটি ট্রান্সফরমার স্থাপন করা হয়েছিল। শনিবার সকালে মাঠে গিয়ে তিনি দেখেন, দুর্বৃত্তরা ট্রান্সফরমারটি খুঁটি থেকে নামিয়ে ভেঙে ভেতরের তামার কয়েল খুলে নিয়ে গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগাতিপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন।

তিনি বলেন, “বাগাতিপাড়ায় চুরি এখন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। উপজেলা প্রশাসনের কার্যালয়সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়ি, বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার—কিছুই চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না। চোরদের বিষয়ে তথ্য দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি চুরির ঘটনায় অভিযোগ বা জিডি করতে গেলেও ভুক্তভোগীদের নিরুৎসাহিত করা হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশের এমন নিষ্ক্রিয়তায় চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদেরই যেন পরোক্ষভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে বাগাতিপাড়ার মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা কোথায় থাকবে?”

পল্লী বিদ্যুতের বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের এজিএম হেলালুর রহমান জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হবে। এর আগেও গত মাসে উপজেলায় একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। উপজেলায় ধারাবাহিক চুরির ঘটনা প্রতিরোধ এবং অপরাধীদের শনাক্তে পুলিশের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।