ফরিদপুর প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও, সহিংসতা ও ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি আরিফুন মাহমুদ কায়েস ও রিসাদ খান ফিরোজ, ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইফতিয়াক রশিদ ইস্তি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি নাজমুল সাকিব, সহসভাপতি আর এস রাতুলসহ আশিক, অমি, জাইম, রক্তিম ও রেজওয়ান আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির সমালোচনা করেন এবং এ ধরনের কর্মসূচি রাজনৈতিকভাবে প্রতিহত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।