ফরিদপুর জেলা প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জ্বালাও-পোড়াও ও নাশকতার প্রতিবাদ এবং দেশব্যাপী ৪৮ ঘণ্টার লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।
এ সময় জেলা বিএনপি, মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা জনতা ব্যাংকের মোড়ে এসে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আওয়ামী লীগ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। জ্বালাও-পোড়াও ও নাশকতার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশব্যাপী ৪৮ ঘণ্টার লকডাউনের প্রতিবাদেও বক্তব্য দেন তারা।