আলিফ হোসেন, তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরের সীমান্তবর্তী টমেটোখ্যাত গোদাগাড়ীতে জমি থেকে উঠতে শুরু করেছে উন্নত ও আগাম জাতের শীতকালীন হাইব্রিড টমেটো। কিন্তু বাজারে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও টমেটোর ভালো দাম না পেয়ে হতাশায় ভুগছেন কৃষকরা। বর্তমানে মণপ্রতি কাঁচা টমেটো ১ হাজার ২০০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে।

বরেন্দ্র অঞ্চলের এই উপজেলা টমেটো চাষের জন্য পরিচিত এবং এখানকার কৃষকরা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এই টমেটো সরবরাহ করেন।

এ বছর বরেন্দ্র অঞ্চলে ৬ জাতের টমেটো চাষ হয়েছে। এর মধ্যে তিন জাতের আবাদ বেশি। রাজশাহী জেলায় তিন ভাগের দুই ভাগেরও বেশি টমেটো উৎপাদন হয় গোদাগাড়ী উপজেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের বিভিন্ন অঞ্চলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গোদাগাড়ী উপজেলায় ২ হাজার ৮২০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ মেট্রিক টন। গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী মহল্লার টমেটো চাষি জিয়া জানান, টমেটো চাষের প্রথম দিকে ভালোই দাম পাওয়া যায়, শেষের দিকে দাম অনেক কমে যায়। তিনি জানান, টমেটো ব্যবসায়ীরা মূলত বাইরের দেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা ব্যবসা করেন। এরপরে বিভিন্ন এলাকা ঘুরে টমেটো কিনে ট্রাকে ভর্তি করে নিয়ে যায়। সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও থাকে। তবে এবার শুরু থেকেই টমেটোর দাম কম।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, গত বছর প্রায় ১৫০ কোটি টাকার টমেটো বিক্রি হয়েছে। এছাড়া পরিবহন ও শ্রমিক মিলে আরও ২৫ কোটি টাকার লেনদেন হয়। টমেটো কেনাবেচাকে কেন্দ্র করে সব মিলিয়ে ২০০ কোটি টাকার লেনদেন হয় প্রতিবছর। তিনি আরও জানান, টমেটো উৎপাদন মৌসুম সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত (চার মাস) ধরা হয়। এই অঞ্চলে টমেটো দু’বারে চাষ হয়। এর মধ্যে মাচায় গ্রীষ্মকালীন টমেটো আগে ওঠে। এই টমেটোর দাম বেশি পান চাষিরা। যা বাজারে বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। শীতকালীন টমেটো শুরুতে বিক্রি হয় ৮০ টাকা কেজি দরে। মৌসুমের শেষের দিকে বিক্রি হয় সর্বনিম্ন ৫ থেকে ১০ টাকায়।

এদিকে উপজেলার বেজড়া এলাকার টমেটো চাষি আবুল হোসেন জানান, টমেটোর গাছে যে সময় ফুল-ফল আসার কথা ছিল, ঠিক সে সময়ই গত সপ্তাহের টানা তিন দিনের বৃষ্টির কারণে ফুল নষ্ট হয়েছে, গাছের পাতা কোঁকড়ানো রোগের আক্রমণ দেখা দেওয়ায় কিছু গাছ উপড়ে ফেলতে হয়েছে। ফলে জমিতে এবার উৎপাদন কম হবে।

কৃষকরা জানান, পচনশীলতা ও সংরক্ষণের অভাবে টমেটো বেশি দিন রাখা যায় না, আর কোল্ড স্টোরেজ না থাকায় দ্রুত বিক্রি করতে হয়। তারা বলেন, সরাসরি বড় বাজারে নেওয়ার সুযোগ বা পুঁজির অভাবে অনেক কৃষক স্থানীয় পর্যায়ে কম দামে পাইকারের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে, অথচ খুচরা বাজারে দাম বেশি থাকে।

ব্যবসায়ী সুমন বলেন, প্রতি বছর টমেটোর ভরা মৌসুমে ভারতীয় টমেটো আমদানি করা হয়। চলতি মৌসুমেও ভারত থেকে টমেটো আমদানি করা টমেটো বাজারে দেখা যাচ্ছে। আমদানি বন্ধ না হলে টমেটো ব্যবসায়ী ও চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

জানতে চাইলে শরিয়তপুর থেকে গোদাগাড়ীতে টমেটো কিনতে আসা পাইকারি ক্রেতা রুবেল বলেন, এবারের মৌসুমটাই খারাপ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পাকা টমেটোর দাম কম থাকায় বেশি দামে কাঁচা টমেটো কিনলে সেগুলো পাকিয়ে লোকসানে পড়তে হবে। কারণ হিসেবে তিনি বলেন, ভারতীয় টমেটো আমদানি বন্ধ না হওয়া পর্যন্ত টমেটোর দর কম থাকবে। এ কারণে টমেটোর দাম কমে গেছে।