তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের খাড়িকুল্লা মৌজায় ২২ শতক ফসলি জমি জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কোনো কাগজপত্র ছাড়াই বহরইল গ্রামের মৃত আজিজ মণ্ডলের পুত্র বছির জোরপূর্বক এসব জমি জবরদখলে মরিয়া হয়ে উঠেছে। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের জেল নম্বর ৬২, মৌজা খাড়িকুল্লা, খতিয়ান নম্বর ১০২, দাগ নম্বর ২১, শ্রেণি ধানী, পরিমাণ ৬৬ শতক।
স্থানীয়রা জানান, বহরইল গ্রামের শামসুদ্দিন মণ্ডল বংশপরম্পরায় এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় শামসুদ্দিন মারা যাওয়ার পর তার পুত্র মতিয়ার ইসলাম ওরফে হারু এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
এদিকে বহরইল গ্রামের মৃত আজিজ মণ্ডলের পুত্র বছির কোনো কাগজপত্র ছাড়াই ৬২ শতক জমির মধ্যে ২২ শতক নিজের দাবি করে জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। হারু অভিযোগ করে বলেন, ইতোমধ্যে ওই জমির মাষকলাই ও কলার গাছে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছেন বছির। এছাড়াও ওই জমির ওপর থেকে প্রায় অর্ধশতাধিক আম গাছের চারা কেটে ফেলেছেন বছির। এ ঘটনায় হারু বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বছির। এ নিয়ে গ্রামবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ভূমিগ্রাসী বছিরকে আটক ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বছির বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ পুরোপুরি সঠিক নয়।