ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভূমিকার সমালোচনা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, সারা দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি কুষ্টিয়াও এর বাইরে নয়। জেলা কারাগারের সামনে ককটেল বিস্ফোরণ এবং পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা সরকারকে আহ্বান করছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ব্যর্থতার দায় যেন সরকারকে বহন করতে না হয়। ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দিয়েছেন, তার বাস্তবায়ন দেখতে চাই। কিন্তু কুষ্টিয়ায় আমরা এর উল্টো চিত্র দেখছি।
আমির হামজা অভিযোগ করে বলেন, কুষ্টিয়ায় ফ্যাসিস্টদের সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। গত রাতের হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলায় চাপাতি দিয়ে কোপানো এবং গুলি চালানোর অভিযোগও করেন তিনি। এ সময় প্রায় ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেন এই সংসদ সদস্য।
আমির হামজা কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশে বলেন, এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
তিনি জানান, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সারাদেশের ৬৪ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। কুষ্টিয়ার কর্মসূচিও এর অংশ।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, সূরা আম্বিয়ার এই ৯৫ নাম্বার আয়াত আমাদের স্মরণ করিয়েছে—কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো জালেম যে জায়গা থেকে বিদায় নেয়, ওখানে আর ফিরে আসে না। হারামুন আলা ক্বারইয়াতিন আহলাকনaha আন্নাহুম লা ইয়ারজিউন—এজন্য আল্লাহ গ্যারান্টি দিয়েছেন “আন্নাহুম লা ইয়ারজিউন” জীবনেও ফিরবে না।
তিনি আরও বলেন, এই আশায় বুক বেঁধে কেউ যেন তাদের শান্তি-শৃঙ্খলা এবং স্বস্তি-নিরাপত্তা—এগুলো নষ্ট না করে। আমার বক্তব্য এটাই ছিল যে, আপনাকে সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন, শান্তিতে থাকেন।